শেয়ারবাজারে সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত

 
 
 
 
ঈদুল আযহার আগে শেয়ারবাজারে সর্বশেষ লেনদেন হয়েছে বৃহস্পতিবার। এ দিনও সূচক বৃদ্ধির ধারা অব্যাহত। সূচক বাড়ার পাশাপাশি লেনদেনও হয়েছে নয় শ কোটি টাকার বেশি। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, দর বৃদ্ধিতে এগিয়ে ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো। এ ছাড়া, ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর বেশির ভাগ শেয়ার দরেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বস্ত্র খাতে তালিকাভুক্ত ৩৬টি কোম্পানির মধ্যে লেনদেন হয়েছে ৩৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩৩টি কোম্পানির। এ ছাড়া, ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৯টির শেয়ার দর বেড়েছে। আর আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ২২টির শেয়ার দর বেড়েছে।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৩৭ কোটি ২ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি ৯ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৫১টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের দর। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২২৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ১২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৬০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির শেয়ারের।

ডিএসই সূত্রে জানা গেছে, সাম্প্র্রতিক সময়ে শেয়ার দর বাড়ার কারণ নেই বলে জানিয়েছে বিমা খাতের দুই কোম্পানি পপুলার লাইফ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত ছয় কার্যদিবস ধরে বাড়ছে পপুলার লাইফের শেয়ার দর। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৫৩ টাকা বা ৩৫ দশমিক ৯৫ শতাংশ। আর গত এক মাসে ডেল্টা লাইফের শেয়ার দর বেড়েছে ৭৪ টাকা বা ৬০ দশমিক ৫৩ শতাংশ। এ ধরনের দর বৃদ্ধির প্রেক্ষিতে ডিএসইর পক্ষ থেকে কোম্পানির শেয়ার দর বাড়ার কারণ জানতে চেয়ে নোটিস পাঠানোর প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কোনো সংবেদনশীল তথ্য নেই।