হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামের মৌলিক স্তম্ভ হজ নিয়ে কটাক্ষ করায় বাংলাদেশ সরকারের ডাক, টেলি যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ইতালির রোমে বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৭ টায় 'ইসলামিক ফোরাম, রোম' নামে একটি সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
কেন্দ্রেীয় ইসলামিক ফোরামের সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইসলামিক ফোরাম ইউরোপমেইনল্যান্ডের সহকারী কো-অর্ডিনেটর মাওলানা আমিনুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'আব্দুল লতিফ আমার প্রিয় রাসূল (সাঃ) ও হজের বিষয়ে কটুক্তির জন্য বর্তমান সরকার যদি যথাযথ বিচার না করে তবে আল্লাহর গজব থেকে এ সরকারও রেহায় পাবে না।'
শুধু লতিফ সিদ্দিকী নয় বরং যারাই ইসলামের বিপক্ষে কথা বলছে তাদের সবাইকে বিচারের আওতায় এনে যথাযথ বিচারের দাবি জানান তিনি।
রোম মুসলিম সেন্টারের চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, 'সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংরাদেশে লতিফ সিদ্দিকী যে ধৃষ্টতা দেখিয়েছে তার জন্য তাকে ব্লাসফেমী আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। যাতে করে আর কোন নাস্তিক আগামীতে রাসুল এবং ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়।'
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এর সহ সভাপতি ডাঃ আবুল হাসেম, সুরা কাউন্সিল সদস্য ও ইসলামিক ফোরাম রোম (মহানগরী পূর্ব) সভাপতি জালাল উদ্দিন, ব্যবসায়ী ইউনিট এর ভারপ্রাপ্ত সভাপতি আবু নাসের মুহাম্মদ মুজাহিদ, মহানগরী দক্ষিনের সভাপতি হাফেজ ফজলুল করিম, মহানগরী পশ্চিমের ভারপ্রাপ্ত সভাপতি ক্কারী হারুন অর রশিদ।
সমাবেশে বক্তারা মন্ত্রীপরিষদ থেকে বাদ দিয়ে তড়িৎ গতিতে বিচারের মাধ্যমে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানান।
সমাবেশ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ করা গেছে। সংগঠনের সেক্রেটারী আবুল কাশেম মোল্লাহ সমাবেশটি পরিচালনা করেন।