আয়কর মেলা আয়োজনে সাফল্য আসায় এবার উপজেলা পর্যায়েও মেলা আয়োজনে আগ্রহী রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে জাতীয় ও স্থানীয় ব্যবসায়ী সংগঠনকে পাশে চায় এনবিআর।
রবিবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতৃবৃন্দের কাছে এ আগ্রহের কথা জানান এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। ডিসিসিআইয়ের চলতি ২০১৪-১৫ অর্থবছরের নতুন ট্যাক্স গাইডের মোড়ক উন্মোচন করেন এনবিআর চেয়ারম্যান। সেগুনবাগিচায় রাজস্ব ভবনে আয়োজিত অনাড়ম্বর এ অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি মোহাম্মদ শাহজাহান খান এবং এনবিআরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়কর নিয়ে করদাতাদের সচেতন করতে ২০১০ সাল থেকে আয়কর মেলা চালু করা হয়। এ ধারণা করদাতাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। এর পর থেকে প্রতিবছর ১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সব বিভাগীয় শহর ও জেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার কর মেলা থেকে সেবা গ্রহণ করেছেন রেকর্ড সংখ্যক প্রায় সাড়ে ৬ লাখ ব্যক্তি। তাদের মধ্যে ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন রিটার্ন দাখিলের বিপরীতে আয়কর আদায় দিয়েছেন ১ হাজার ৬৭৫ কোটি টাকা টাকা। এর আগে সর্বশেষ গত ২০১৩ সালের আয়কর মেলায় ৫ লাখ ১০ হাজার করদাতা সেবা নিয়েছিলেন। ঢাকা চেম্বার উপজেলা পর্যায়ে কর মেলা আয়োজনে রাজস্ব বোর্ডকে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।