জয়ের পথে মোরালেস

 
 
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। রবিবার নির্বাচনে নিজের বিশাল জয় ঘোষণা করেছেন তিনি।
আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা না পেলেও বুথ থেকে তথ্য ও দ্রুত ভোট গণনায় দেখা গেছে মোরালেস  প্রায় ৬০ শতাংশ ভোট পেয়েছেন ও তৃতীয়বারের মতো ক্ষমতায় যাওয়ার পথ সুগম হয়েছে। 
স্থানীয় টেলিভিশন চ্যানেল এটিবি ভোট গণনার একটি ফলাফল প্রকাশ করে, তাতে দেখা যায় মোরালেস ৬০ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।
বলিভিয়ার প্রথম আদিবাসী হিসেবে মোরালেস ২০০৬ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতায় আসার পরই দেশটির তেল ও গ্যাসসহ প্রধান প্রধান শিল্প জাতীয়করণ করে নতুন রাস্তা ও স্কুল তৈরির মতো জনকল্যাণমূলক কাজে অর্থায়নের ব্যবস্থা করেন। তার এই সংস্কার কর্মসূচির নাম দিয়েছেন ‘আদিবাসী সমাজতন্ত্র’।
প্রেসিডেন্ট প্রাসাদের বারান্দা থেকে হাজার হাজার সমর্থকের উদ্দেশে মোরালেস বলেন, এটি দুইটি আদর্শের মধ্যের বিতর্ক : জাতীয়করণ ও বেসরকারিকরণ। জাতীয়করণ ৬০ শতাংশ (সমর্থন) পেয়ে জয়ী হয়েছে।”
তিনি বলেন, এই জয় সা¤্রাজ্যবাদবিরোধী ও উপনিবেশবাদবিরোধীদের জয়।’
লাতিন আমেরিকার সমাজতান্ত্রিক ও মার্কিনবিরোধী ব্লকের প্রথম সারির নেতা মোরালেস তার বিজয়কে কিউবার সাবেক কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্ত্রোকে উৎসর্গ করেছেন।