ভারতের পাঁচ রাজ্যে বাংলাদেশের ভিসা প্রসেসিংয়ে নতুন সেবা প্রতিষ্ঠান

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৬

ভারতের পাঁচটি রাজ্যে বাংলাদেশের ভিসা আবেদন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পাচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান। আবেদন প্রক্রিয়া সহজ করা এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস) নামের প্রতিষ্ঠানটিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে প্রতিষ্ঠানটির অধীনে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু হবে।

নতুন এই সেবা কার্যক্রমের আওতায় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দারা বাংলাদেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। এসব রাজ্যে দীর্ঘদিন ধরে বসবাস করছেন এমন বিদেশি নাগরিকদেরও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।

কলকাতা ও শিলিগুড়িতে আবেদন কেন্দ্র

নতুন ব্যবস্থায় কলকাতার ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১।

অন্যদিকে শিলিগুড়ির কেন্দ্রটি চালু হবে সিটি মলের প্রথম তলায়, সেবক রোড, দার্জিলিং-৭৩৪০০১ ঠিকানায়।

উপ-হাইকমিশনের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের আবেদনকারীদের ১ ডিসেম্বর থেকে নতুন কেন্দ্রগুলোতে ভিসার আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন সংগ্রহের দায়িত্ব পালন করে আসছিল ‘ডিইউ ডিজিটাল’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে তাদের দুটি কেন্দ্র ছিল। সেখান থেকে আবেদন ও পাসপোর্ট উপ-হাইকমিশনে পাঠানো হতো। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনকারীরা সেখান থেকেই পাসপোর্ট সংগ্রহ করতেন।

চলতি বছরের ৩০ নভেম্বর ডিইউ ডিজিটালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর নতুন প্রতিষ্ঠানটি দায়িত্ব গ্রহণ করবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে ভিসা আবেদন ব্যবস্থাপনায় আরও গতি আসবে। পাশাপাশি আবেদনকারীরা আগের তুলনায় সহজ ও উন্নত সেবা পাবেন।

ইত্তেফাক/এবিএস