জাপানে আঘাত হেনেছে টাইফুন ভংফং

 
জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ভংফং। সোমবার সকালে আঘাত হানা টাইফুনে এখন পর্যন্ত একজন নিখোঁজ ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। টাইফুনের কারণে ৩ শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। খবর: এএফপির।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কাইসুর মাকুরাজাকিতে টাইফুন ভংফং আঘাত হানে। এর প্রভাবে ঘণ্টায় কমপক্ষে ১৮০ কিলোমিটার বেগে ঝড় তীরে আছড়ে পড়ছে। এটি ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে জাপান দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে। সোমবার সন্ধ্যা বা মঙ্গলবার ভোর নাগাদ এটি কান্টো অঞ্চলে অবস্থান করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
মাকুরাজাকির দুর্যোগ প্রতিরোধ কার্যালয়ের কর্মকর্তা নাওকি জোমোরি বলেন, স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।
এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়েছে, টাইফুন সংশ্লিষ্ট দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে।
জাপানের প্রধানত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ চার লাখ ৪০ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বিষয়ে হুঁশিয়ার করেছে।
আবহাওয়া সংস্থা দ্বীপপুঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে বিশাল ঢেউ, ব্যাপক বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের সতর্কবাণী করেছে।
জাপানের বিমান সংস্থা কমপক্ষে ৩৭২ ফ্লাইট বাতিল করেছে।
এদিকে পশ্চিম জাপান রেলওয়ে জানিয়েছে, দিনের শেষদিকে কানসাই অঞ্চল ও জাপানের পশ্চিমাঞ্চলে সব লোকাল সার্ভিস স্থগিতের পরিকল্পনা রয়েছে।