হংকং এ বিক্ষোভকারীদের ওপর মুখোশধারীদের হামলা

হংকং-এর বাণিজ্যিক শহরের প্রাণকেন্দ্রে গতকাল সোমবার মুখোশ পরিহিত বেশ কিছু মানুষের সঙ্গে  বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ দমন করতেই তারা এ প্রচেষ্টা চালায় বলে বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এএফপি) জানিয়েছে। এসময় ঐ স্থানে পুলিশ অবস্থান করছিল বলে জানায় সংস্থাটি।

মুখোশ পরিহিত লোকজন বিক্ষোভকারীদের তৈরি করা ব্যারিকেডের কাছে এসে জড়ো হলে তারা ঐ ছদ্মবেশী লোকগুলোকে বাধা প্রদান করে এবং তাদেরকে পিছনের দিকে হটিয়ে দেয়। এসময় ঐ লোকগুলো শত শত বিক্ষোভকারীর ওপর আক্রমণ চালায়। বিক্ষুব্ধ জনতা ‘অস্ত্র! অস্ত্র!’ বলে চিত্কার করতে থাকে এবং তাদেরকে গ্রেপ্তারের দাবি জানায়। এদিকে পুলিশের সহায়তায় দু’জন লোক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া বিক্ষোভ স্থল থেকে কিছু মুখোশধারীদের পুলিশ ধরে নিয়ে যায়। ওদিকে এ ঘটনার আগে শহরের প্রাণকেন্দ্র বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে থাকায় সৃষ্ট যানজট নিরসনে কিছু ব্যারিকেড উঠিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। বিক্ষোভ এখন পুরো হংকং-এ ছড়িয়ে পড়েছে। গাড়িচালকরা পর্যন্ত হর্ণ বাজিয়ে এর সাথে একাত্মতা প্রদর্শন করছে। বিক্ষোভকারীরা তাঁবু খাটিয়ে রাস্তা-ঘাট দখল করে নিয়েছে। তাছাড়া দু’টি মার্কেটের রাস্তাও তারা অবরোধ করে রেখেছে। ২০১৭ সালের নির্বাচনে বেইজিংপন্থি প্রার্থীদের নির্বাচিত করার পরিকল্পনা থেকে বেরিয়ে আসতে সরকারকে আহ্বান জানিয়ে আসছে শিক্ষার্থীরা। এ লক্ষ্যেই গত দুই সপ্তাহ ধরে হংকং-এ বিক্ষোভ চালিয়ে আসছে ছাত্ররা।