প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ এল সালভাদর উপকূলে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার রাতে আঘাত হানা এই ভূমিকম্পের কারণে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। খবর: এএফপির।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটি রাজধানী সান সালভাদরের ১৭০ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূ-পৃষ্ঠের ৭০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র অঞ্চলের ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে।
সরকারি কর্মকর্তারা জানান, নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া ও অন্যান্য নগরীতেও ভূমিকম্প অনুভূত হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।