খোয়াই নদীতে বালু উত্তোলনে ব্যবহূত দুইটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় আরও দুটি মেশিন বিকল করে দেওয়াসহ নানা উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে শহরের যশেরআব্দা এলাকায় এ অভিযান চালানো হয়। নদী থেকে মাটি উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হওয়ার একদিন পর এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন আরাফাত রানা ও আনিসুর রহমান খান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা জানান, অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এ সময় দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস, দুটি মেশিন বিকলসহ বেশকিছু উপকরণ জব্দ করা হয়। পরে খোয়াই নদীর শহরতলীর মাছুলিয়া অংশে মোবাইল কোর্ট পরিচালনা করলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। অপরদিকে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধভাবে গড়ে উঠা ভ্রাম্যমাণ ব্যবসা প্রতিষ্ঠানগুলো অপসারণ করা হয়েছে বলেও জানান তিনি। অভিযানকালে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ সাথে ছিলেন।
হবিগঞ্জে আজ শুরু হচ্ছে বাণিজ্য মেলা
হবিগঞ্জে প্রতি বছরের ন্যায় আজ সোমবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা। জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ও পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন। রবিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। তিনি জানান, মেলায় এ বছর অন্যান্য বছরের ন্যায় সব ধরনের পণ্য থাকছে। বিনোদনের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইড। তবে এ বছর মেলায় সার্কাস থাকছে না। মেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার কথা চিন্তা করে তা রাখা হচ্ছে না। ভবিষ্যতেও তা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।