বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করবে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ। ১০ টাকা অভিহিত মূল্যের ৫ কোটি শেয়ার ছাড়বে কোম্পানিটি। উত্তোলিত মূলধন দিয়ে নতুন প্রকল্প স্থাপন করা হবে। এ লক্ষ্যে কোম্পানির রোড শো করা হয়েছে। দুয়েক দিনের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ারের চাহিদা এবং নির্দেশক মূল্য জমা দেবে। তালিকাভুক্তির জন্য কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল লিমিটেড।
জানা গেছে— একমি ল্যাবরেটরিজ লিমিটেড নতুন তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য শেয়ার বিক্রি করা হচ্ছে। প্রকল্পগুলো হচ্ছে স্টেরয়েড ও হরমোন প্রকল্প, ক্যান্সারের ওষুধ তৈরির অনকোলজি প্রকল্প এবং আয়ুর্বেদিক, মডার্ন হারবাল ও নিউট্রাসিউটিকেলস প্রকল্প।
রোড শো-তে একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহা আশা প্রকাশ করেন— প্রকল্প তিনটি বাস্তবায়িত হলে দেশে ও বিদেশে ওষুধ বিক্রি বাড়বে। বাড়বে কোম্পানির মুনাফা ও প্রবৃদ্ধির হার। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরে একমি এক হাজার ২১ কোটি টাকার ওষুধ বিক্রি করেছে। এতে মুনাফা হয়েছে ৮৯ কোটি ৪০ লাখ টাকা। সর্বশেষ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ-মূল্য বা এনএভি দাঁড়িয়েছে ৬৬ টাকা ১৬ পয়সা।
মিজানুর রহমান সিনহা আরো বলেন, ‘বর্তমানে আমরা ২০টি দেশে ওষুধ রপ্তানি করছি। সম্প্র্রতি ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে ওষুধ রপ্তানির নিবন্ধন পেয়েছি। এ ছাড়া, যুক্তরাজ্যে ওষুধ খাতের নিয়ন্ত্রক সংস্থার এমএইচআরএর সনদসহ উন্নত দেশগুলোর সনদের জন্য চেষ্টা করা হচ্ছে। এ সনদ পাওয়া গেলে ইউরোপের বাজারে ওষুধ রপ্তানি শুরু হবে।