মঙ্গলবার পুঁজিবাজারে দর সংশোধন হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো শেয়ারবাজারে দর সংশোধন হলো। এ দিকে, সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে হাজার কোটি টাকার বেশি। খাত-ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ওষুধ খাতের কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে ২ দশমিক ১০ ভাগ। ওষুধ, জ্বালানি ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারো লেনদেন হয়েছে প্রায় পাঁচ শ কোটি টাকাা, যা বাজারের মোট লেনদেনের ৪৫ শতাংশ।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ২৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৯৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯৭ কোটি ৫২ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৮৯ কোটি ৭৮ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৯ কোটি ১৮ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভারে বৃদ্ধির কারণ জানতে ডিএসইর পক্ষ থেকে দেয়া এক চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।