নড়াইলে মিথ্যা মামলা করে হয়রানি করার অভিযোগে মিথ্যা মামলার বাদী মোসাঃ ফারহানা খানম আশা নামের এক মহিলাকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। রবিবার দুপুরে জনাকীর্ণ আদালতে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ আব্দুল আহাদ এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আশা জেলার সদর থানার মীর্জাপুর গ্রামের স.ম. ফয়সালের মেয়ে।
মামলার বিবরণে জানা গেছে, আসামি মোসাঃ ফারহানা খানম আশা ২০১১ সালের ৮ আগস্ট দুই লাখ টাকা যৌতুকের দাবিতে মারপিট করে গুরুতর জখম করার ঘটনা দেখিয়ে তার স্বামী মোঃ সুজল মোল্যা ও এ মামলার বাদী মোঃ চাঁন মিয়াসহ তিনজনের বিরুদ্ধে ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। এ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক তাদের খালাস দেন। চাঁন মিয়াসহ তিনজন মিথ্যা মামলা থেকে খালাস পাওয়ার পর ২০১৪ সালের ২০ অক্টোবর মিথ্যা মামলার বাদী মোসাঃ ফারহানা খানম আশাসহ চারজনের বিরুদ্ধে নড়াইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ১৭ ধারায় মামলা দায়ের করেন।
এ মামলায় সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি মোসাঃ ফারহানা খানম আশার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।