রাজাপুরে চাঁদাবাজির অভিযোগে কথিত তিন মানবাধিকার কর্মী আটক

নিজেদের কখনও সাংবাদিক কখনও বা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন প্রতারণা চালিয়ে আসছিল একটি প্রতারকচক্র। পঞ্চাশ হাজার টাকা চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয় কথিত বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির পরিচয়দানকারী তিন যুবক। ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর বাজারে শনিবার এ ঘটনাটি ঘটে। অনুপ মজুমদার নামের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চাওয়ার অভিযোগে জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হলেন শাহাবুদ্দিন, রিপন হাং ও নির্মল ঘোষ কাজল।

এ বিষয়ে দৈনিক বরিশাল ক্রাইম এর সম্পাদক ও প্রকাশক এইচ এম শাহআলম শাহ জানান, আটককৃত তিন চাঁদাবাজ আমার পত্রিকার সঙ্গে জড়িত নয়। এদের পরিচয় আমি জানি না। আমার অজান্তে আমার পত্রিকার ভুয়া কার্ড তৈরি করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে তারা পত্রিকার মান ক্ষুণ্ন করছে। চাঁদাবাজির ঘটনায় ঐ ব্যবসায়ী রাজাপুর থানায় মামলা করেছেন। রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের ঝালকাঠির আদালতে পাঠানো হয়েছে।