শেয়ারবাজারে সূচক বেড়েছে, কমেছে লেনদেন

 
টানা দুই দিন শেয়ারবাজারে দর সংশোধনের পর বুধবার দর বৃদ্ধির ধারায় ফিরেছে। তবে শেয়ারবাজারের সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বাজারে সূচকের ইতিবাচক প্রবণতায় বড় মূলধনী কোম্পানিগুলোর অবদান বেশি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বড় মূলধনী কোম্পানিগুলোর দর বেড়েছে ১ দশমিক ২ ভাগ। এর প্রভাবে প্রথমবারের মতো ডিএস-৩০ সূচক দুই হাজার পয়েন্ট ছাড়িয়েছে। গত জানুয়ারীর পর বর্তমানে এ সূচক বেড়েছে ৩৬ শতাংশ।
তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ২৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১২২ কোটি ২৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৩৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৫৩ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে ভ্রমণ ও অবকাশ খাতের দ্য পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেডকে। আগামী ১৯ অক্টোবর থেকে কোম্পানিটি ব্রড ইনডেক্সে যুক্ত হবে। ডিএসইর ইনডেক্স কমিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের (এস অ্যান্ড পি) নিয়ম অনুসারে কোম্পানিটিকে ব্রড ইনডেক্সে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে এ সূচকে ২২৮টি কোম্পানি রয়েছে। 
ডিএসই সূত্রে জানা গেছে— পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সাম্প্র্রতিক সময়ে কোম্পানি দুটির শেয়ার দর অস্বাভাবিভাবে বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।