কুমিল্লায় যৌতুকের দাবীতে এক গৃহবধূকে হত্যা করে তাঁর লাশ নিয়ে পালিয়ে যাওয়ার সময় হত্যাকারী স্বামীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে ২১নং ওয়ার্ডের শাকতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, গত মঙ্গলবার রাতের যে কোন সময় নগরের লাকসাম সড়কের শাকতলা এলাকায় বি-রহমান হাউজের ভাড়াটিয়া বশিরুল হাসান তার স্ত্রী জান্নাতুন নাঈন ভান্টি (২৬)কে যৌতুকের দাবীতে হত্যা করে। তারপর অ্যাম্বুলেন্স মৃতদেহ তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল পুলিশ আটক করে।
৭ বৎসর আগে চাঁদপুরের ১৩৪ পুরাতন আদালত পাড়ার এম বাছেদের মেয়ে জান্নাতুন নাঈন ভান্টির সঙ্গে দেবিদ্বার উপজেলার বাওড়া গ্রামের বজলুর রহমানের পুত্র বশিরুল হাসানের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করত বলে জানা গেছে। তাদের ২ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জসিম উদ্দিন বুধবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এ ব্যাপারে নিহতের মা তাহেরা বাছেদ বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।