জেলা জুড়ে জনপ্রিয়তা পেয়েছে কৃষক সেন্টু হাজং উদ্ভাবিত দেশীয় জাতের ধান ‘সেন্টু পাইজাম’। খরচ কম ও সহজলভ্য হওয়ায় এ ধরনের ধান চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। গত ২১ বছরে ২৫ ধরনের দেশীয় জাতের নতুন ধান উদ্ভাবন করেছেন। এছাড়া উদ্ভাবনের অপেক্ষায় রয়েছে আরো প্রায় শতাধিক জাতের ধান।
নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চাটকিয়া গ্রামের বাসিন্দা সেন্টু চন্দ্র হাজং (৫৫)। কৃষক পরিবারে বেড়ে ওঠা সেন্টু হাজং নব্বইয়ের দশকে এসএসসি পাশ করার পর অর্থের অভাবে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে শিক্ষাজীবন থেমে গেলেও থেমে থাকেনি নতুন কিছু করার আগ্রহের। তিনি জানান, ২০০৫ সালে স্থানীয় একটি এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ নেন। এরপর ধানের জাত নিয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেন। নতুন জাত তৈরি করে সেটি যাচাই করতে তার সময় লেগেছে সাত-আট বছর। নিজের ১২ কাঠা জমিতে বর্তমানে ৪০টি পরীক্ষামূলক প্রল্ট (ট্রায়াল প্রল্ট) তৈরি করেছেন। এছাড়া হারিয়ে যাওয়া বেশ কিছু দেশি ধানের জাত সংরক্ষণেও কাজ করছেন । এ কৃষকের প্রথম সফল উদ্ভাবন ‘সেন্টু শাইল’ ধান। দীর্ঘ সাত বছরের চেষ্টার পর এই জাতটি উদ্ভাবন করেন। এরপর আবিষ্কার করেন ‘সেন্টু পাইজাম’ ধান।
চলতি আমন মৌসুসে শতশত কৃষক সেন্টু পাইজাম ও সেন্টু শাইল ধান আবাদ করেছেন। এলাকার কৃষক হাবিল উদ্দিন বলেন, এক একর জমিতে সেন্টু পাইজাম জাতের ধান লাগাইছি। ফলনও ভালো হবে বলে আশা করছি। ভাতও চিকন এবং খাইতেও সুস্বাদু। তাই পাঁচ বছর যাবত্ প্রতি বছর এই ধানের চাষাবাদ করি।
সফল কৃষক সেন্টু হাজং বলেন, দেশি ধানের অনেক জাতই এখন হারিয়ে যেতে বসেছে। অথচ এসব ধানের আলাদা স্বাদ ও বৈশিষ্ট্য রয়েছে। এসব জাতের ধানে পোকার আক্রমণও তুলনামূলক কম। তাই দেশি ধানের জাতগুলো আমি সংরক্ষণ করার চেষ্টা করছি। পাশাপাশি নতুন জাত উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছি। এখনো কোনো সরকারি সহযোগিতা বা স্বীকৃতি পাইনি। এছাড়া কোনো পরীক্ষাগার কিংবা ল্যাবও নেই। যে কারণে প্যাকেট করে বীজধান বাজারে বিক্রি করতে পারি না। ভাঙা ঘরে থেকেই এসব নতুন জাতের ধান উদ্ভাবন করে যাচ্ছি। এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, কৃষক সেন্টু হাজং দেশি জাতের ধান আবিষ্কার করে একটি প্রশংসনীয় কাজ করেছেন। আমরা তাকে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। তার আবিষ্কৃত দেশি জাতের ধানের প্রত্যায়ন পাওয়ার জন্য জাতীয় বীজ প্রত্যয়ন বোর্ডে আবেদন করতে পারেন।
