বাসচালককে মারধর ও ছুরিকাঘাত করার প্রতিবাদে গতকাল বুধবার চাঁদপুর থেকে ঢাকা, চট্টগ্রামসহ ১৭টি সড়কপথে সাত ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। সূত্র অনুযায়ী মূলত অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল পরিবহন শ্রমিকেরা।
সদর হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর-ঢাকার পথে চলাচলকারী পদ্মা এক্সপ্রেসের বাসচালক খোকন চৌকিদার জানান, গত মঙ্গলবার রাতে রিয়েল পাটওয়ারী নামের এক ব্যক্তির নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খোকনকে বাসস্ট্যান্ড থেকে তুলে পাশের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পে নিয়ে ছুরিকাঘাত করে এবং বেদম মারধর করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
ওই ঘটনার প্রতিবাদে গতকাল সকালে পরিবহন শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। শ্রমিকদের সঙ্গে বেলা ১১টার দিকে বৈঠকে বসে প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা বেলা একটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেন। সাত ঘন্টা বাস চলাচল বন্ধ থাকার পর তা আবার চালু হয়।