সরকারি কাজে বাধা দানের মামলায় লিমনের অব্যাহতি

দীর্ঘ তিন বছর সাত মাস পরে অবশেষে র‌্যাবের দায়ের করা সরকারি কাজে বাঁধা দানের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পা হারানো লিমন হোসেন। বৃহস্পতিবার ১১টায় ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই আদেশ দেন।
২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন কথিত ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাবের গুলিতে পা হারায়। র‌্যাব এ ঘটনায় লিমনসহ আরো সাত জনের বিরুদ্ধে অস্ত্র ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে। পুলিশ ঐ মামলা দুটিতে লিমনসহ আসামিদের অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে।
সরকার  লিমনের বিরুদ্ধে দায়ের করা র‌্যাবের মামলা দুইটি প্রত্যাহার করতে নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী গত ২০১৩ সালের ২৯ জুলাই সরকার পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনাল দ্বিতীয় আদালতে অস্ত্র আইনের মামলায় লিমনকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু সরকারি কাজে বাধা দেয়ার মামলায় ঝালকাঠি মূখ্য বিচারক হাকিমের আদালতে বিচারক না থাকায়  ঝালকাঠি আদালতে লিমনের অব্যাহতি হয়নি।
সরকারি কাজে বাধাদানের মামলা থেকে অব্যাহতি পেয়ে খুশি লিমন ও তার পরিবার । কিন্তু সরকারের কাছে তাদের দাবি, লিমনকে হত্যা চেষ্টা ও পঙ্গু করার অভিযোগে ৬ র‌্যাব সদস্যদের বিরুদ্ধে দায়ের করা বিচারাধীন মামলার কার্যক্রম শুরু করা হোক।