টেকনাফে পৃথক ঘটনায় ১৯ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে এক ফার্মেসির দোকান থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে হ্নীলা ইউনিয়নের মৌচনী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করে। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য মৌচনী এলাকায় ইয়াবা মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ও সাবেক ছাত্রদল নেতা মো. আলীর একটি ফার্মেসির দোকানে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করে। এদিকে গত বুধবার বিকেলে মডেল থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা জাদীমুড়া এলাকায় অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ী দক্ষিণ জাদীমুড়া এলাকার মোশতাক আহমদের ছেলে জাফর আলম (৩০) ও সিএমবি আলী আহমদের ছেলে খাইরুল বশরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করে।  
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দোকান পরিচালনাকারী জসিমসহ অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।