গোপালগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জেলা ছাত্রলীগ সভাপতিসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নের্তৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে। অপরদিকে, ছাত্রলীগের পদবঞ্চিত এবং কাক্সিক্ষত পদ না পেয়ে ছাত্রলীগের একটি বিদ্রোহী অংশ শহরের বেদগ্রাম থেকে একটি মিছিল বের করে শহর প্রদক্ষিণ করতে থাকে। দুইপক্ষের মিছিল গোপালগঞ্জ প্রেসকাবের সামনে আসলে সংঘর্ষ বেধে যায়। এতে ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ ও দুই জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫জন আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও একজনকে খুলনায় পাঠানো হয়েছে।
পরবর্তীতে পোস্ট অফিস মোড়ে ও বঙ্গবন্ধু কলেজের সামনের সড়কসহ বেশ কয়েক স্থানে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।