বর্ধমানের বিস্ফোরণের স্মৃতি মলিন হতে না হতেই আরো দু’টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদহে। মালদহের কালিয়াচক থানার হাতিচাপা গ্রামে এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুর গ্রামে বোমা দু’টি বিস্ফোরণ হয়। পাশাপশি অবস্থিত এই দুই জেলায় বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষ। এই বিস্ফোরণগুলির সঙ্গে বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণ কাণ্ডের কোনও যোগসূত্র রয়েছে কি না কিংবা কোনও জঙ্গিযোগ রয়েছে কি না তদন্ত করছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার গভীর রাতে কালিয়াচকের হাতিচাপা গ্রামে জিয়াউল শেখের বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, তার বাড়িতে তিন বস্তা বোমা মজুত ছিল। বর্ধমানে বিস্ফোরণের পর বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশি চলছে। সেই আতঙ্কে বোমাগুলি সরিয়ে ফেলা হচ্ছিল। তখনই ঘটে এই বিস্ফোরণ। বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের একটি ন্যানো গাড়িতে চাপিয়ে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার সূত্রে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ন্যানো গাড়িটি আটক করা হয়েছে। এই গাড়িতে রক্তের দাগ পাওয়া গেছে।
মুর্শিদাবাদের বাসুদেবপুর গ্রামে যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই বাড়ির মালিক জগন্নাথ চৌধুরি। বিস্ফোরণে বাড়ির পাঁচিল ও জানালা উড়ে যায়। বাড়ি থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। এই বোমা কেন মজুত রাখা হয়েছিল তা নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছে পুলিশ।