চট্টগ্রাম ও টেকনাফ থেকে মালয়েশিয়াগামী ৪৯ ব্যক্তি আটক

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও টেকনাফ থেকে অর্ধশত ব্যক্তিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদের মধ্যে চট্টগ্রাম থেকে ৩৯ ব্যক্তিকে আটক করেছে পুলিশ এবং টেকনাফ থেকে দুই দালালসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

চট্টগ্রাম অফিস জানায়, বাকলিয়া থানার টহল পুলিশ নগরীর কর্ণফুলী নতুন শাহ আমানত ব্রিজ এলাকা থেকে গতকাল দুপুরে ৩৯ জনকে আটক করে। তারা কক্সবাজার হয়ে দালালদের মাধ্যমে নৌপথে মালয়েশিয়া যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে সড়ক পথে কক্সবাজার যাচ্ছিলো। তবে দালাল চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বাকলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মতিন জানান, আটককৃত ব্যক্তিদের অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের জন্য দালালরা নগরীর চান্দগাঁও থানা এলাকায় একত্রিত করে। আটক ব্যক্তিরা জানায়, তারা মাথাপিছু ২ লাখ টাকা চুক্তিতে দালালদের মাধ্যমে মালয়েশিয়া যেতে চট্টগ্রাম এসেছিলো। তারা সবাই নরসিংদী, রায়পুর, শরিয়তপুর ও সিলেট জেলার বাসিন্দা।
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা জানান, অবৈধভাবে মালয়েশিয়াগামী দুই দালালসহ ১২ জনকে টেকনাফ থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভোর রাতে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, ভোর রাতে ৪২ ব্যাটালিয়নের বিজিবির টহল দল গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়ার বাসিন্দা মো. রশিদ আহমদের বাড়িতে অভিযান চালিয়ে দুই দালালসহ ১২ জনকে আটক করে। দুই দালাল হলেন, টেকনাফের রাজারছাড়ার মো. রশিদ আহমদ (৬০) ও তার ছেলে মো. হোসেন (২০)। মালয়েশিয়াগামীরা হলেন, মাখবকুল এলাকার মো. আশরাফ আলী (২৭), মো. লিটন মিয়া (২৩), মো. রাসেল মিয়া (১৯), উখিয়ার মো. আলম (২৮), আলম মিয়া (২৭), মো. আবদুল হাকিম (২৪), সবিবর আলম (২৫), মো. হাসান (২৮), আমীর মিয়া (২৩) ও মঞ্জুরুল ইসলাম (১৯)। 
৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ বলেন, আটক দুই দালালসহ ১২ জনকে থানা পুলিশে সোপদ করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে।
বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে আটক
মংলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মংলা থানার সেকেন্ড অফিসার মঞ্জুর এলাহী জানান, বুধবার বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ১৪ ভারতীয় জেলেকে আটক করা হয়। আটক ফিসিং ট্রলারটি থানা পুলিশের জিম্মায় রয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাদের বাগেরহাট জেল হাজতে পাঠানো হবে।