টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

 

জানা গেছে, শুক্রবার ভোর চারটার দিকে ঘারিন্দা এলাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। মতি মিয়া (৫৫) ও নূর হোসেন মানিক (৩৫) নামের ওই দুই ব্যক্তি কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। আহতদের মধ্যে জোসনা (১০), রুবেল (১৬), মুন্না (২৪), রাকিব (১৫), তাইজুল (১৭), সিরাজুল ইসলাম (২২), সাজেদুল হক (১৫), মান্নান (৪০), নাসির (১৫) নামে নয়জনের পরিচয় জানা গেছে। তাদের বাড়ি কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিভিন্ন স্থানে।

আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।