নান্দাইলে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের আচারগাঁও জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় তামান্না আক্তার (২৪) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী হেলাল উদ্দিন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।
 
তামান্নার বাবা মোমতাজ মিয়ার অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তামান্নার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগানো হয়।
 
জানা গেছে, রাত দুইটার দিকে তামান্না বাবাকে ফোনে ‘আমি মরে যাচ্ছি’ বলে আত্মচিৎকার দিয়ে কিছু বলার চেষ্টা করে। এরই পরই তার মোবাইলটি বন্ধ হয়ে যায়। রাত তিনটার দিকে উপজেলার জাহাঙ্গীরপুরের করইকান্দি এলাকা থেকে স্বজনরা ঘটনাস্থলে এসে তামান্নাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে সেখান থেকে তামান্নাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার পথে শুক্রবার ভোরে মারা যান।
 
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ‘‘ঘটনাটি কীভাবে হয়েছে আহত অবস্থায় তামান্না আক্তার আমার কাছে বলেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে স্বামী হেলাল উদ্দিন পলাতক আছেন।’’