সিলেটে ছাত্রদলের ২ পক্ষে সংঘর্ষ: আহত ১৫

 
 
 
 
সিলেট নগরীতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবার সন্ধ্যায়  নগরীর শহীদ মিনার ও জিন্দাবাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায়, বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৩০ মাস পূর্তি উপলক্ষে তার সন্ধান দাবিতে শুক্রবার বিকালে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও বিএনপি অঙ্গ সংগঠন ব্যানারে মিছিল-সমাবেশ শেষে কিছু নেতা-কর্মী ফিরে যাওয়ার পথে শহীদ মিনারের সম্মুখে সিলেট ছাত্রদলের বিদ্রোহী নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় বিদ্রোহীরা ৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং জহিরুল নামক এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
উল্লেখ্য, সম্প্রতি সিলেট ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করা হলে দলের একটি পক্ষ তা মেনে নেয়নি। তখন থেকেই সিলেটে ছাত্রদল বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়।