গতকাল শুক্রবার ফেনী শহর থেকে খাগড়াছড়ির এক সাংবাদিককে অপহরণ করে একদল দুর্বৃত্ত। অপহরনের ৫ ঘন্টা পর মুক্তিপণের বিনিময়ে তিনি ছাড়া পান বিকাল ৪ টার দিকে। রাত ৮টার দিকে তিনি খাগড়াছড়ির গুইমারায় নিজ বাড়িতে ফিরেছেন।
ঘটনার শিকার সাংবাদিকের নাম শাহ আলম রানা (৩০)। তিনি চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকার খাগড়াছাড়ির মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি। তার কাছ থেকে জানা গেছে, শুক্রবার সকাল ১১টায় ফেনীর মহিপাল প্লাজায় তিনি শপিং করতে যান। সেখান থেকে দুই দুর্বৃত্ত তাকে অপহরণ করে। তারা অস্ত্রের মুখে শাহ আলম রানাকে ফেনী শহরের পাঠানতলী এলাকার নির্মানাধীন একটি ৪ তলা বাড়ির ছাদে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। সেখানে আরও দুই যুবক উপস্থিত হয়ে অপহৃত শাহ আলমের উপর শারীরিক নির্যাতন চালায়। এ সময় তারা সাংবাদিক শাহ আলমকে অস্ত্র ঠেকিয়ে তাঁর নিজস্ব মোবাইল ফোন দিয়ে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে স্বজনদের কাছে ফোন দেয়। দুর্বৃত্তরা টাকা পাঠানোর জন্য ২টি বিকাশ নম্বরও দেয়। টাকা না পাঠালে হত্যা করার হুমকি দেয়া হয়। বিকাশের মাধ্যমে প্রথমে ২০ হাজার টাকা পাঠানোর পর আরও টাকা পাঠাতে স্বজনদের বাধ্য করতে ঐ সাংবাদিকের উপর নির্যাতন চালানো হয়। টাকা দিতে অক্ষমতা জানালে পতিতা এনে মিথ্যা ঘটনা সাজিয়ে পুলিশের কাছে হস্তান্তরেরও হুমকী দেয় তারা। পরে আরও ২০ হাজার টাকা পাঠানো হলে বিকাল ৪টার দিকে প্রায় ৫ ঘন্টা পর অপহরণকারীরা তাঁকে ছেড়ে দেয়। সাংবাদিক শাহ আলম জানান, অপহরণকারী চার দুর্বৃত্তই যুবক।