বাস চাপায় ব্যাংক ব্যবস্থাপক নিহত

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ ব্যাংক বোদা শাখার জ্যেষ্ঠ কেন্দ্র ব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম (৪০) শুক্রবার একটি মিনিবাসের ধাক্কায় নিহত হয়েছেন। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বীরহলী গ্রামের বাসিন্দা ছিলেন।

পরিবার সূত্র জানায়, তিনি মা-বাবার সঙ্গে দেখা করতে বোদা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বিকেল তিনটার দিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের একটি সেতু কাছে ঠাকুরগাঁওগামী একটি মিনিবাসের সঙ্গে আনোয়ারুল ইসলামের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনোয়ারুল ইসলাম ও তাঁর মেয়ে আঁচল (৬) গুরুতর আহত হন। ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় আঁচলকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।