স্কুলছাত্র খুন করে অটোরিকশা ছিনতাই

 
কুমিল্লার বুড়িচংয়ে নাজমুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্রকে খুন করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে পিহর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাজমুল চান্দিনার গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। 
স্থানীয় সূত্রে জানা যায়, চান্দিনার মধ্যমতলা গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে নাজমুল। পারিবারিক আর্থিক অনটনের কারণে সিএনজি অটোরিকশা চালাতো। শুক্রবার স্কুল বন্ধ থাকায় সকাল থেকেই সিএনজি অটোরিকশা চালাচ্ছিল নাজমুল। রাত নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন গোবিন্দপুর স্টেশন থেকে তিন থেকে চারজন যুবক বরুড়া বাজারে যাওয়ার জন্য ভাড়া নির্ধারণ করেন। রাতে নাজমুল বাড়ি না ফেরায় এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় কোন খোঁজ খবর পায়নি তার পরিবার। শনিবার ভোরে গোবিন্দপুর স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে পিহর এক কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের খবর পেয়ে নাজমুলের পরিবার এসে লাশ সনাক্ত করেন। 
বুড়িচং থানাধীন দেবপুর পুলিশ ফাঁড়ির ইন-চার্জ (এস.আই) ঈমাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হবে। পরিবারের প থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।