হাতিয়ায় পুলিশ-জলদস্যু ‘বন্দুকযুদ্ধ’, ২৬ জেলেসহ ৩ ট্রলার উদ্ধার

 
 
শনিবার বিকালে হাতিয়ার পূর্বাংশের মেঘনা নদীর ঠেংগার চর নামক স্থানে পুলিশ ও জলদস্যুর মধ্যে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুরা পিছু হটে গেলে অপহূত ২৬ জেলেসহ ৩টি ট্রলার উদ্ধার করেছে পুলিশ। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শনিবার দুপুরে হাতিয়ার পূর্বাংশে মেঘনা নদী থেকে জলদস্যু ভুট্টু বাহিনীর লোকেরা মাছ শিকার করা অবস্থায় ২৬ জন জেলেসহ ৩টি ট্রলার অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঠেংগার চর অভিযান করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় এবং জলদস্যুরা পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ তাদের আস্তানা থেকে অপহূত ২৬ জেলেসহ ৩টি ট্রলার উদ্ধার করেছে। অপহূত জেলেদের বাড়ি নোয়াখালী হাতিয়া উপজেলায় বলে জানা গেছে।

তিনি আরো জানান, অভিযান এখনো অব্যহত রয়েছে। নদীতে জোয়ার আসার পর আমরা হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।