চুয়াডাঙ্গায় গুলিভর্তি দুটি সাটারগান এবং ৬২ পুরিয়া হেরোইন ও ২৪ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের বুজরুকগড়গড়ি মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— ঐ মহল্লার মৃত আবুল হোসেনের পুত্র বাবুল (৫০), বাবুলের স্ত্রী শিপ্রা (৪০) এবং একই মহল্লার মৃত আব্দুর রশিদের পুত্র শাহ আলম (২৫)।
চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জানান, গোপন খবরে পুলিশের একটি দল ঘটনার সময় বেলা দেড়টায় ঘটনাস্থল ঐ বুজরুকগড়গড়ি মহল্লার একটি বাড়ি ঘেরাও করে। পুলিশী ঘেরাওয়ের বিষয়টি টের পেয়ে গ্রেফতারকৃতরা বাড়ি থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
তবে, কেন এবং কি উদ্দেশ্যে গ্রেফতারকৃতরা অস্ত্র ও মাদক নিয়ে ঐ বাড়িতে অবস্থান করছিল সে বিষয়ে তাত্ক্ষণিক কিছু জানা সম্ভব হয়নি। গ্রেফতারকৃতদেরকে উদ্ধারকৃত অস্ত্র, মাদক ও টাকাসহ আদালতে সোপার্দ করা হয়েছে।