চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, ককটেল বিস্ফোরণ

 
 
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। শনিবার বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিনোদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের জন্য শনিবার বিকাল ৩ টার দিকে স্থানীয় একটি ক্লাব ঘরে কাউন্সিল শুরু হয়। কাউন্সিল চলা কালে বিকাল সাড়ে ৪ টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা এনামুল ও দেলোয়ার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এই সময় ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ফলে ঐ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আশিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তিনি হতাহতের বিষয়ে কিছু জানাতে পারেননি।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন খুররম জানান, বিনোদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কাউন্সিল চলার সময় দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়েছে, তবে কারা জড়িত এটা আমি জানি না, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে খবর দিয়েছি।