মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের রবিবার অনুষ্ঠিতব্য সকল বিভাগের সেমিস্টার পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ নিয়ে ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের দুটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে মুখোমুখী অবস্থান নেয়। লাঠিসোটাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায় মোশারফ গ্রুপের ছাত্ররা সুমন ফকিরের গ্রুপের ছাত্রদের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল থেকে বের করে দেয়। এ সময় হলে কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়। পরে সুমন ফকিরের গ্রুপ ক্যাম্পাসের পাশে রাস্তায় গিয়ে অবস্থান নেয়। এ অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রবিবারের সকল সেমিস্টার পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম জানান, রাত পৌনে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অফিস প্রধানদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অনিবার্য কারণবশত রবিবারের সকল বিভাগের সেমস্টাির পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
এদিকে রাত সোয়া নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রলীগের উভয় গ্রুপ ক্যাম্পাসের ভিতরে ও বাইরে মারমুখী অবস্থানে রয়েছে। যে কোন সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।