কসবা উপজেলার সর্বত্র স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনের তফসিল অনুযায়ী দ্বিতীয় দাপে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় শুরু করে দিয়েছেন। এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বিএনপি রয়েছে নিষ্ক্রিয় অবস্থায়।
এদিকে গত ৫ ফেব্রুয়ারি আনন্দঘন পরিবেশে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা হচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মো. রাশেদুল কায়সার ভুঁইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হেসেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী ফারহানা সিদ্দিক।
চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভুঁইয়া জীবন বলেন, আমি আমার কর্মদক্ষতা দিয়ে উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে দলের কার্যক্রমকে জোরদার করেছি। আইনমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডের সফল বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছি। এখন এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কসবাকে আধুনিক উপজেলা হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যেতে চাই।