সৈয়দপুরে জমে উঠেছে উপজেলা নির্বাচন আলোচনায় তিন চেয়ারম্যান প্রার্থী

আসন্ন উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ১০ মার্চ সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনের জমজমাট প্রচারণা। সৈয়দপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মিলে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী তিন পদে পাঁচজনই আওয়ামী লীগ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং সংরক্ষিত ভাইস  চেয়ারম্যান পদে তিনজন নারী রয়েছেন।

এদিকে উপজেলা নির্বাচনে প্রার্থীরা ভোটারের সমর্থন আদায় করতে নানা বাক্যের বিশ্লেষণে মাইকিং চালিয়ে যাচ্ছেন। উপজেলার পাড়া-মহল্লা ও গ্রামের পথে পথে ঝুলছে  পোস্টার।

একই সঙ্গে প্রার্থী তার সমর্থক নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে গণসংযোগ, পথসভা ও ঘরোয়া বৈঠক করছেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত। নির্বাচনে তিন পদে ১০ জন প্রার্থী থাকলেও চেয়ারম্যান পদের তিন প্রার্থীকে নিয়ে চলছে সরগরম আলোচনা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান  মোখছেদুল মোমিন নৌকা প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছে। তার অপর দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন: জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জয়নাল আবেদীন এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাতুড়ি প্রতীকের রুহুল আলম মাস্টার।