ঝিনাইদহে পৃথক হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

ঝিনাইদহে দুটি পৃথক হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পৃথক আদালত।  রবিবার জেলা জজ মো. আবু আহছান হাবিব স্ত্রী নাজমাকে হত্যার দায়ে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়ার ছবেদ মণ্ডলের ছেলে স্বামী আহম্মেদ মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড প্রদান করেন আদালত।

অপর হত্যা মামলায় হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের আলি আহম্মেদকে হত্যার দায়ে অতিরিক্ত জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. গোলাম আযম একই গ্রামের হেরাজ মালিথার ছেলে আসমান মালিথাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৫ সালের ১২ আগস্ট ঝিনাইদহ সদর হাসপাতালে সদর উপজেলার নগরবাথান গ্রামের নাজমা বেগমকে আনা হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় দাগ ছিল। পুলিশকে হাসপাতাল থেকে খবর দেওয়া হলে পুুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যু  মামলা  করে। পুলিশ তদন্তে জানতে পারে, ২০১৫ সালের ১১ আগস্ট সন্ধ্যা থেকে ১২ আগস্ট সকালের মধ্যে কোনো এক সময় নাজমাকে হত্যা করা হয়। পোস্ট মর্টেম রিপোর্টে নাজমাকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর নিয়মিত হত্যা মামলা হয়। পুলিশ তদন্ত শেষে আসামি আহম্মেদ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।