ডিএসইতে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ দরপতন

 
 
 
 
শেয়ারবাজারে রবিবার বড় ধরনের দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক কমেছে ১০৯ পয়েন্ট। ডিএসইতে সূচকের এ পতন প্রায় ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৩ সালের ২৩ জুলাই ডিএসইতে সূচক কমেছিল ১২৫ পয়েন্ট। সূচক কমার পাশাপাশি আজ লেনদেন কমেছে আগের দিনের তুলনায় প্রায় সাড়ে ১৫ শতাংশ।
তথ্যে দেখা গেছে, রবিবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১০৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮৭ কোটি ২৫ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১২৭ কোটি ১৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ২৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩১৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৫ কোটি ৪০ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ারের।
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন গ্রহণ শেষে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য হামিদ ফেব্রিক্স লিমিটেডের লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ৩০ অক্টোবর। এ দিকে, গত ২৮  সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটির আইপিওতে প্রায় সাড়ে ৮ গুণ আবেদন জমা পড়েছে। 
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আল-আরাফা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩০০ কোটি টাকার মুদারাবা সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বন্ডের মেয়াদ হবে ৬ বছর। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদন পেলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ছাড়বে আল-আরাফা ব্যাংক।