দুই দিন নিখোঁজ থাকার পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয় বছর বয়সী শিশু সাকিবের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১২টার দিকে গোদনাইল এসি আই পানির কল এলাকা সংলগ্ন নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার সকালে খেলার কথা বলে বাসা থেকে বের হয় সাকিব। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। সাকিব বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার আলমচাঁনের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) তুষার জানান, এলাকাবাসী নদীতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতে কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে।