হোমনা উপজেলার ছয়ফুল্লাহকান্দি মাথাভাঙ্গা গ্রামের মো. অলেক মিয়া (৩০) নামে এক বখাটে ছেলেকে জেলে দিলেন পিতা। জানা গেছে, অলেক মাদকাসক্ত। তিনি স্কুল-কলেজের মেয়েদের উত্ত্যক্ত করতেন। মাদকের টাকার জন্য প্রায়ই মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন। সোমবার সকালে তার মা-বাবাকে পিটিয়ে তিনি আহত করেন। পরে তার পিতা মো. আ. কুদ্দুস হোমনা থানায় অভিযোগ করলে রাতে তাকে আটক করে পুলিশ।
সোমবার ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ও ইউএনও আহমেদ জামিল তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া একই আদালত মাদক সেবনের দায়ে হোমনা কামার পাড়ার বাবুলের ছেলে দিপক (২১) ও পূর্ব পাড়ার শাহআলমের ছেলে রাসেলকে (২০) এক মাস করে কারাদন্ড দেন।