রাজশাহীতে যুবলীগ কর্মীদের হামলায় যুবদল নেতা নিহত

 
 
 
রাজশাহীতে যুবলীগ কর্মীদের হামলায় মনোয়ার হোসেন (২৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাত ৮টার দিকে মহানগরীর মেহেরচন্ডী মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত মনোয়ার মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবদল নেতা মনোয়ার হোসেন মেহেরচন্ডী  মধ্যপাড়ার গুণির বাগানে একটি জুয়ার আসর পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে। রবিবার রাত ৮টার দিকে ওই জুয়ার আসরে গিয়ে স্থানীয় যুবলীগের কর্মী ওয়াসিম ও রানাসহ ৮/১০ যুবক মনোয়ারের কাছে ৫০ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে বাক-বিতন্ডার জেরধরে যুবলীগের কর্মীদের সঙ্গে যুবদল নেতা মনোয়ার ও তার সমর্থকদের হাতাহাতি বেধে যায়। এ সময় যুবলীগের কর্মীরা বেধড়ক মারধরের এক পর্যায়ে যুবদল নেতা মনোয়ারকে ধাওয়া করে। ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে মনোয়ার ঘটনাস্থলেই নিহত হন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিত্সক মুহাম্মদ তামজীদ আলী জানান, মনোয়ারকে জরুরী বিভাগে আনার পর ২৬ নম্বর ওয়ার্ডে (হূদরোগ ওয়ার্ড) স্থানান্তর করা হয়। সেখানে সিনিয়র চিকিত্সকরা তাকে পর্যবেক্ষণ শেষে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া মডেল থানার সহকারি কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, ‘জুয়ার আসরে চাঁদা দাবিকে কেন্দ্র সংঘর্ষ ও মারপিটে মনোয়ার হোসেনের মৃত্যুর অভিযোগে থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের সহোদর সানোয়ার হোসেন বাদী হয়ে স্থানীয় যুবলীগের কর্মী ওয়াসিম ও রানার নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করেন। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
এ নিয়ে ঘটনাস্থলে টানটান উত্তেজনা বিরাজ করছে। ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।