গত তিন কার্যদিবস ধরে শেয়ারবাজারে দরপতন চলছে। এ তিনদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য সূচক কমেছে ১৭১ পয়েন্ট। এই সময়ে লেনদেনও কমে গেছে প্রায় অর্ধেক। ৯৭৫ কোটি টাকা থেকে লেনদেন নেমে এসেছে পাঁচশো’ কোটির ঘরে।
তথ্যে দেখা গেছে, সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩২ পয়েন্ট কমে ৫ হাজার ১৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৯০ কোটি ৩০ লাখ টাকা কম।
লেনদেনকৃত ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৬ কোটি ৫৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানী খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার লেনদেন চালু হয়েছে। দুই মাস ৯ দিন বা ৪৪ কার্যদিবস পর এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হলো। এর আগে গত ১১ আগস্ট কোম্পানিটির লনদেন স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধির কারণে বিএসইসি শেয়ার লেনদেন স্থগিত করে দেয়। এদিকে বস্ত্র খাতের তুং হাই নিটিং অ্যান্ড ডায়িংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়ার ঘোষণা দিয়েছে। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৩ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ অনুমোদন করা হয়। এ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩৯ পয়সা। আর সম্পদ মূল্য হয়েছে ১৪ টাকা ৪৪ পয়সা।