আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার কাণ্ডারী হয়েছেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
তালিকা অনুযায়ী উপজেলা পরিষদে চূড়ান্ত মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রধান শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে চিঠি তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর তালিকায় আগৈলঝাড়ায় উপজেলা পরিষদে নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, জাতির পিতার ভাগ্নে আবুল হাসানাত আবদুল্লাহ এমপির একান্ত সহকারী মোঃ খায়রুল বাশার শনিবার রাতে আব্দুর রইচ সেরনিয়াবাতের মনোনয়ন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।