নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন (বর্তমানে ভারতের কারাগারে আটক) ও তার ভাতিজা ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ জালাল বাদল (পলাতক) কাউন্সিলর পদ থেকে অপসারিত হচ্ছেন। এছাড়াও পক্ষাঘাতগ্রস্ত ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আহাম্মদও অপসারিত হতে যাচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী তাদের অপসারিত করতে চিঠি পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। সোমবার দুপুরে নাসিকের নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সিটি করপোরেশনের স্থায়ী কমিটির পদও পুর্নবিন্যাস করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কিত স্থায়ী কমিটির দায়িত্ব পেয়েছেন নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সদ্য ২নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়া সেলিনা ইসলাম বিউটি।
নাসিকের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে মাসিক সভায় উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদারসহ কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তারা। তবে এর মধ্যে প্যানেল মেয়র ওবায়েদুল্লাহ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইসরাফিল প্রধান, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডল অনুপস্থিত ছিলেন। পবিত্র হজ্ব পালনে সৌদিআরব থাকায় অনুপস্থিত ছিলেন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন অনুযায়ী মেয়র ও কাউন্সিলর অপসারণ প্রসঙ্গে ১৩-এর (ক) ও (খ) ধারায় উল্লেখ করা হয়েছে, যুক্তিসংগত কারণ ব্যতিরেকে সিটি করপোরেশনে পরপর তিনটি মাসিক সভায় অনুপস্থিত থাকলে কাউন্সিলর পদ থেকে অপসারণযোগ্য হবেন। এ ছাড়া নৈতিক স্খলনজনিত অপরাধে আদালত কর্তৃক দণ্ডিত হলেও তিনি অপসারণযোগ্য হবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও তার ভাতিজা ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল সিটি করপোরেশনের পরপর চারটি মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন। অবৈধভাবে বিরল প্রজাতির বণ্যপ্রাণী সংরক্ষণের দায়ে আদালত এরই মধ্যে নূর হোসেনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আলী মোহাম্মদ দীর্ঘদিন ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত থাকায় তিনিও দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের মাসিক সভায় অনুপস্থিত রয়েছেন।
নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার জানান, ৩ জন কাউন্সিলর দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাদের অপসারণের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নাসিকের ২১টি স্থায়ী কমিটির পদও পুর্ণবিন্যাস করা হয়েছে।