৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার পুলিশ

 
 
 
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে তিনটি নৌকাসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে মুক্তিপণ দাবি করছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সোমবার বেলা ১১টার দিকে টেকনাফ খায়ুকখালী ঘাট এলাকার পুর্বে নাফনদী থেকে অস্ত্রমুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— নুরুল আলম (৪০), মুজিব (৩৫), কালাইয়া (৩০), মোহাম্মদ সফি (২৭), আমির হোসেন (৪০) ও উসমান গণি (৩০)। এরা সবাই টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা।
স্থানীয় জেলে ও নৌকার মালিক পক্ষের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকালে নাফ নদীতে প্রতিদিনের ন্যায় এ জেলেরা মাছ ধরতে যায়। এ সময় হঠাত্ করে মিয়ানমারের বিজিপি সদস্যরা একটি নৌকা যোগে এসে অস্ত্রমুখে জিম্মি করে তিনটি নৌকাসহ ছয় জেলেকে ধরে মিয়ানমার জলসীমানায় নিয়ে যায়। এ সময় অন্য তিনটি নৌকা তাদের হাত থেকে রক্ষা পেয়ে প্রাণ ভয়ে পালিয়ে আসে।
ওই সময় পালিয়ে আসা টেকনাফের জালিয়ারপাড়ার বাসিন্দা জেলে মাহমুদুল হক জানান, নাফ নদীতে মাছ শিকার অবস্থায় হঠাত্ করে মিয়ানমার পুলিশ সদস্যরা একটি নৌকা যোগে এসে অস্ত্রমুখে জিম্মি করে তিনটি নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায়। কৌশলে পালিয়ে এসে নৌকার মালিকদের বিষয়টি অবহিত করেন।
সন্ধায় ৬টায় নৌকার মালিকের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তিনটি নৌকাসহ ছয় জেলেকে ফিরিয়ে আনতে মিয়ানমার পুলিশ তাদের নিয়োজিত দালাল  মুজিবের মাধ্যমে মুক্তিপণ হিসেবে ৪০ লাখ কিয়ট ( মিয়ানমারের মূদ্রা) দাবি করছে। তাদেও ছেড়ে দেবে সে আশায় এখনো বিজিবিকে বিষয়টি অবহিত করা হয়নি।
এ প্রসঙ্গে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, বিষয়টি বিজিবিকে কেউ অবহিত করেনি। অবহিত করলে ধরে নিয়ে যাওয়া নৌকা ও জেলেদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।