নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় গ্রেফতারকৃত র্যাব-১১ এর সাবেক ল্যান্স কর্পোরাল রুহুল আমিনকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য আটদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জানান, সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা ডা. বিজয় কুমার পালের দায়েরকৃত মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে রুহুলকে আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। এর আগে তাকে দুই দফায় রিমান্ডে নেয়া হয়েছিল। গত সাত অক্টোবর পটুয়াখালীর বাউফল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।