সোমবার রাতে ঢাকার কেরানীগঞ্জে আগারনগরে ‘কেসি ডকের’ কাছে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আলমগীর হোসন (২৫) । এ হত্যাকাণ্ডের সময় নিহতের সঙ্গে থাকা সাগর (২৬) নামে আরেক যুবক আহত হয়েছেন। দুজনকে রাত ১০টা দিকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে আলমগীরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত আলমগীরের নাম ছাড়া আর কোন পরিচয় জানা যায়নি। তার কোনে স্বজনেরও সন্ধায়ন পাওয়া যায়নি।।
মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় প্রথমে সাগরকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছু সময় পর আলমগীরকে আনা হয়। আলমগীরের বাম উরুতে ছুরিকাঘাতের একাধিক জখম রয়েছে এবং পথে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কিছু পায়নি। দুই পক্ষের মারামারি না দুর্বৃত্তের ছুরিকাঘাতে আলমগীর মারা গেছেন, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান ওসি। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে।