সোমবার সিরাজগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একটি বিদেশি পিস্তল ও একটি চোরাই মোটরসাইকেলসহ আহসান হাবিব (৩৫) নামের এক যুবককে আটক করেছে। তাঁর বাড়ি কামারখন্দ সদরের তালতৈল গ্রামে। সিরাজগঞ্জ ডিবির ওসি নাসির উদ্দিন জানান, সকাল আটটার দিকে খবর পেয়ে তাঁরা তালতৈল গ্রামে অভিযান চালান। ডিবি পুলিশ এ সময় আহসান হাবিবকে ৪শটি ইয়াবা বড়িসহ আটক করে। এরপর হাবিবের দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালানো হয়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি গুলি, একটি ম্যাগাজিন ও একটি চোরাই মোটরসাইকেল। আহসান হাবিবের নামে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে।