কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এলাকাবাসীর বাধা

সোমবার গাজীপুরের কালিয়াকৈরে দেওয়াইর বাজার এলাকায় সরকারি জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে এলাকাবাসীর বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল কবীর গতকাল সোমবার দুপুরে একদল পুলিশ নিয়ে দেওয়াইর বাজারে সরকারি জমির ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান।
বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বিনা নোটিশে এবং মালামাল সরানোর সুযোগ না দিয়েই আদালত দোকানপাট ভাঙতে থাকেন। এতে ক্ষতিগ্রস্থদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ও বিক্ষুব্ধ এলাকাবাসী উচ্ছেদ অভিযানে বাধা দেয়। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। এ সময় ব্যবসায়ীরা নির্বাহী হাকিমের ওপর চড়াও হলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় ঘটনাস্থল থেকে ইন্তাজ আলী নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ব্যবসায়ী নজরুল ইসলাম অভিযোগ করেন, বাজারের বেশির ভাগ দোকান সরকারি জমির ওপর গড়ে তোলা অথচ মাত্র ছয়টি ঘর উচ্ছেদ করা হচ্ছিল।