সাতক্ষীরার তালা উপজেলার চরগ্রামে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে সোমবার গভীর রাতে অস্ত্রধারী একদল ডাকাত একটি বাড়ির জিনিস পত্র লুট করার চেষ্টা করে। এ সময় ডাকাতরা বাড়ির গৃহকর্তা মতিয়ার শেখসহ তিনজনকে পিটিয়ে আহত করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
গৃহকর্তা মতিয়ার শেখ জানান, রাতে খাবার খেয়ে তারা সবাই ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তার সন্দেহ হলে তিনি চিৎকার করতে থাকনে। এক পর্যায়ে ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে ও তাকেসহ তার মেয়ে রুমি ও স্ত্রী লতিফা বেগমকে পিটিয়ে আহত করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ডাকাতদের ধাওয়া করলে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এসময় ডাকাতরা ঘটনাস্থলে একটি বন্দুক ও ১৭ রাউন্ড গুলি ফেলে রেখে যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ডাকাতরা একটি পার্টির পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। কেউ শত্রুতা মূলক এ ঘটনা ঘটিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।