মেহেরপুরে বিউটি পার্লারে ডাকাতি, বোমা বিস্ফোরণ

মেহেরপুরের মুজিবনগরে আবারও ডাকাতি সংগঠিত হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকে উপজেলার কেদারগঞ্জ বাজারে সাজ বিউটি পার্লার ও সংলগ্ন বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় নগদ লক্ষাধিক টাকা ও সোনার গয়না লুটে নেয় ডাকাতরা।
সাজ বিউটি পার্লারের মালিক আরোজ আলী জানান,  একদল সশস্ত্র ডাকাত দল তার দোকান সংলগ্ন বাড়িতে হানা দেয়। মুখোশধারী ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির সকল সদস্যকে জিম্মি করে। পরে নগদ লক্ষাধিক টাকা ও প্রায় ২ লাখ টাকার সোনার গহনা লুটে নেয় তারা। ডাকাতি শেষে পালাবার সময় প্রতিরোধের চেষ্টা করে জনতা। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে ডাকাত দল।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।