পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আয়োজনে ইন্টারনেট মেলা শুরু হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে বিনিয়োগকারীদের লেনদেন বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেয়া হবে। দুই দিনব্যাপী এ মেলা শুরু হবে বুধবার থেকে। রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত সবার জন্য মেলা উম্মুক্ত থাকবে। মঙ্গলবার সিএসইর ঢাকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন— ইন্টারনেটের সাহায্যে বিনিয়োগকারীরা স্মার্ট ফোন, ট্যাব, আইপ্যাড, কম্পিউটার, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস ব্যবহার করে শেয়ার লেনদেন করতে পারেন, যা পুঁজিবাজার সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে বিনিয়োগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন। ফলে দেশব্যাপী অনলাইন ট্রেডিং বিস্তারের মাধ্যমে লাখ লাখ বিনিয়োগকারীকে বাজারে আনা সম্ভব হবে।
সৈয়দ সাজিদ হোসেন বলেন, পুঁজিবাজারের উন্নয়নে ডেরিভিটিভ মার্কেট চালু করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কিন্তু তার আগে প্রয়োজন ক্লিয়ারিং করপোরেশন, যা বাস্তবায়ন সময়-সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে লেনদেনের গতি বাড়াতে এ মেলা সহায়ক ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে— মেলায় ১৭টি ব্রোকারেজ হাউস, ৩টি আইটি সল্যুশন কোম্পানি, ২টি টেলিকম কোম্পানি এবং ২টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানি অংশ নেবে। তারা নিজেদের স্টলে বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্যাকেজে পণ্য ও সেবা প্রদান করবে। উপস্থিত দর্শনার্থীদের জন্য প্রতিদিন ৫টি পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। বিনিয়োগকারীরা মেলায় প্রবেশের সময় ১টি করে টিকেট পাবেন। এর মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেয়া হবে।